জাতীয়, লিড নিউজ

জাতীয়, লিড নিউজ

শুরু হলো গৌরবময় বিজয়ের মাস

আজ ১ ডিসেম্বর, শুরু হলো বাঙালির জীবনে সবচেয়ে গৌরবময় অধ্যায়, বিজয়ের মাস। এটি বাঙালি জাতির অহংকার, আত্মমর্যাদা এবং স্বাধীকার প্রতিষ্ঠার মাস। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই মাসেই চূড়ান্ত বিজয় অর্জিত হয় এবং বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হয়ে বাঙালি জাতি তাদের বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করে। ব্রিটিশ শাসন থেকে ১৯৪৭ সালে মুক্তি পাওয়ার পরও এ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এরপর থেকেই শুরু হয় ভাষার অধিকারের দাবি থেকে স্বাধীনতার পথে নিরন্তর সংগ্রাম।

ভাষার অধিকারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ক্রমাগত স্বাধীনতার দিকে ধাবিত হয়। ১৯৭১ সালের অগ্নিঝরা মার্চ মাস ছিল বাংলাদেশের ইতিহাসের বাঁক পরিবর্তনের মুহূর্ত এবং দেশের জন্মলগ্ন। আর ডিসেম্বর মাসে পূরণ হয় বাঙালি জাতির হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্নসাধ।

ডিসেম্বর যেমন বিজয়ের মাস, তেমনি এটি এক বেদনাবিধুর শোকগাঁথার মাসও। বিজয় লাভের মাত্র দু’দিন আগে, ১৪ই ডিসেম্বর সমগ্র জাতিকে মেধাহীন করার এক ঘৃণ্য চক্রান্তে দেশের অসংখ্য শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের হারানো গভীর শোকের জন্ম দেয়।

অবশেষে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি হানাদার বাহিনী নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই আত্মসমর্পণের মধ্য দিয়েই বিশ্বের বুকে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। এদেশের মানুষ পায় তাদের স্বপ্নের স্বাধীন ভূখণ্ড এবং লাল সবুজের একটি পতাকা। ডিসেম্বর মাস তাই বাঙালির অনুভূতির সঙ্গে গভীরভাবে মিশে আছে— ডিসেম্বর এলেই আপনা আপনি উচ্চারিত হয় ‘বিজয়’।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত