
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আচরণে ‘অপমানিত বোধ করছেন’ উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি পদত্যাগের পরিকল্পনা করছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বঙ্গভবন থেকে হোয়াটস অ্যাপে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে তিনি সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তবে নির্বাচনের পর আর রাষ্ট্রপতির দায়িত্বে থাকতে চান না।
সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ তাকে বারবার উপেক্ষিত করেছে। এমনকি বঙ্গভবনের প্রেস দপ্তর সরিয়ে দেওয়া এবং বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে তার ছবি সরিয়ে নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে সৃষ্ট অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর রাষ্ট্রপতির পদটি সাময়িকভাবে বিশেষ গুরুত্ব পায়, কারণ সংসদ ভেঙে যাওয়ার পর তিনি ছিলেন একমাত্র সাংবিধানিক কর্তৃপক্ষ।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারছে না। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বলে মন্তব্য করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।