রাজনীতি, লিড নিউজ

রাজনীতি, লিড নিউজ

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন

জানাজায় মানুষের ঢল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে দাফন করা হয়েছে। আজ বুধবার বিকেল পাঁচটার কিছু আগে তাঁকে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।

এর আগে জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অনুষ্ঠিত জানাজায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। সকাল থেকেই জানাজায় অংশ নিতে দলে দলে মানুষ আসতে শুরু করেন। দুপুর গড়ানোর আগেই মানিক মিয়া অ্যাভিনিউ থেকে কারওয়ান বাজার পর্যন্ত আশপাশের সড়কগুলোতে মানুষের ভিড় জমে ওঠে। বেলা ৩টা ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয় এবং ৩টা ৫ মিনিটে তা শেষ হয়।

জানাজা শেষে সংসদ ভবন এলাকা থেকে কড়া নিরাপত্তার মধ্যে জাতীয় পতাকায় মোড়া লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। বিকেল সাড়ে চারটার দিকে বিশেষ বাহনে করে মরদেহটি শহীদ জিয়াউর রহমানের সমাধির কাছে পৌঁছানো হয়। সমাধির কাছাকাছি নেওয়ার পর সেনা ও নৌবাহিনীর সদস্যরা কফিন কাঁধে বহন করেন।

দাফন প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। এ ছাড়া প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, তাঁর দুই কন্যা জাহিয়া রহমান ও জাফিরা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিএনপির শীর্ষ নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এ সময় শোক ও শ্রদ্ধা জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত