বনশ্রীতে ইনটেলিজেন্টসিয়া স্কুলের শীতকালীন উৎসবে উদ্যোক্তাদের মিলনমেলা

Post Thumbnail

বনশ্রীতে অবস্থিত ইনটেলিজেন্টসিয়া স্কুল এন্ড কলেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘শীতকালীন উৎসব ও বিবিধ পণ্য মেলা’।

গত ১৮ ও ১৯ ডিসেম্বর প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় শিক্ষক, শিক্ষার্থী ও নারী উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবটিকে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত করে।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, মোট ৩০টি স্টলে সাজানো ছিল বৈচিত্র্যময় সব পণ্যের সমাহার। এর মধ্যে ছিল আধুনিক থ্রি-পিস, শাড়ি, জুয়েলারি, প্রসাধনী সামগ্রী এবং গৃ্‌হসজ্জার নানা উপকরণ। বিশেষ করে প্রকৃতিপ্রেমীদের জন্য ছিল টেরেরিয়ামসহ বিভিন্ন ইনডোর প্লান্টস।

এছাড়া মেলায় আগত দর্শনার্থীদের জন্য রাখা হয়েছিল হরেক রকমের শীতকালীন পিঠা ও মজাদার খাবারের আয়োজন। প্রতিটি স্টলই ছিল ক্রেতা ও সাধারণ দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত।

এই আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তাদের একটি বিশেষ টিম ‘খ তে খাঁটি পরিবার’। গ্রুপটির নেতৃত্বে ছিলেন কাজী নওশীন লায়লা এবং তাদের সঙ্গে অংশগ্রহণ করেন ‘কন্যা’স কালেকশন’ ও ‘শেলী কালেকশন’-এর স্বত্বাধিকারীরা।

স্কুল কর্তৃপক্ মূলত নারী উদ্যোক্তাদের নিজেদের পণ্য উপস্থাপনের বিশেষ সুযোগ প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করেন স্কুল কর্তৃপক্ষ।

মেলার উদ্দেশ্য সম্পর্কে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল সৈয়দ নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের একাডেমিক ব্যস্ততার পাশাপাশি তাদের সৃজনশীলতা বিকাশের জন্য এই উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। অভিজ্ঞ উদ্যোক্তাদের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া এবং অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমেই নতুন কিছু শেখার পরিবেশ তৈরি করা আমাদের মূল লক্ষ্য। অনেক গুণী উদ্যোক্তার সাথে পরিচিত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা সিনিয়র শিক্ষক সাদিয়া সুলতানা জানান, প্রতিষ্ঠানটি গত চার বছর ধরে নিয়মিতভাবে এই ধরনের মেলার আয়োজন করে আসছে। মূলত বাইরের উদ্যোক্তাদের সম্মান ও কর্মপরিধি বৃদ্ধির পাশাপাশি সবাইকে স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা দিতেই তারা এই বিশেষ সুযোগটি প্রদান করেছেন।

দুই দিনব্যাপী চলা এই উৎসবটি ছিল অত্যন্ত প্রাণবন্ত, যা বনশ্রী এলাকার অভিভাবক ও স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।