
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকা মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখালেন। দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে একটি রহস্যজনক চরিত্রে তাকে দেখা যাবে। ফরিদুল হাসানের পরিচালনায় নির্মিত এই নাটকটির মাধ্যমেই অভিনয়জগতে অভিষেক হচ্ছে তার।
অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে মিডিয়া বা বিনোদন জগতে তার কোনো কাজের অভিজ্ঞতা ছিল না। সে সময় তিনি নেতৃত্ব ও রাজনীতি বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করতেন। তবে শৈশব থেকেই তার স্বপ্ন ছিল আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা। সেই স্বপ্ন পূরণের পর এবার অভিনয়ের নতুন অভিজ্ঞতায় যুক্ত হয়েছেন তিনি। তার ভাষায়, প্রথম অভিনয়ের অভিজ্ঞতা ছিল ভীষণ উপভোগ্য।
জানা গেছে, ধারাবাহিক নাটক ‘মহল্লা’র ২৭তম পর্বে মেঘনা আলমের অভিনয় দেখা যাবে। পর্বটি প্রচারিত হবে ৩ জানুয়ারি, শনিবার রাত ৮টা ৪০ মিনিটে।
অভিনয়ের পাশাপাশি মেঘনা আলম পরিবেশ আন্দোলন ও কৃষিভিত্তিক বিভিন্ন ইস্যুতে সেমিনার ও সিম্পোজিয়ামে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। একই সঙ্গে তিনি একজন রাজনৈতিক হিসেবেও কাজ করছেন। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবেও নির্বাচনী মাঠে রয়েছেন তিনি।