জাতীয়, লিড নিউজ

জাতীয়, লিড নিউজ

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কার্যকর ২১ জানুয়ারি থেকে

বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন (বি১/বি২) ভিসা প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে নতুন শর্ত। আগামী ২১ জানুয়ারি থেকে যেসব বাংলাদেশি নাগরিক এই ক্যাটাগরিতে ভিসার আবেদন করবেন, তাদের ক্ষেত্রে ‘ভিসা বন্ড’ বা জামানত প্রথা কার্যকর হতে যাচ্ছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিয়মের বিস্তারিত তথ্য জানিয়েছে।

বন্ডের পরিমাণ ও নির্ধারণ প্রক্রিয়া 
দূতাবাস জানিয়েছে, ২১ জানুয়ারির পর বি১/বি২ ভিসার জন্য যারা সাক্ষাৎকারে অংশ নেবেন, কনসুলার কর্মকর্তা আবেদনকারীকে যোগ্য বিবেচনা করলে বন্ডের পরিমাণ নির্ধারণ করবেন। আবেদনকারীর প্রোফাইল অনুযায়ী এই বন্ডের পরিমাণ ৫ হাজার, ১০ হাজার অথবা সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার হতে পারে।

তবে দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, কোনোভাবেই ভিসা সাক্ষাৎকারের আগে এই বন্ড পরিশোধ করা যাবে না। কনসুলার কর্মকর্তার সরাসরি নির্দেশনা ছাড়া আগাম অর্থ পরিশোধ করলে তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেবে না এবং সেই অর্থ ফেরতযোগ্যও হবে না।

অর্থ পরিশোধ ও ফেরতের নিয়ম 
নির্দেশনা পাওয়ার পর আবেদনকারীকে যুক্তরাষ্ট্র সরকারের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বন্ডের অর্থ জমা দিতে হবে। তৃতীয় পক্ষের কোনো ওয়েবসাইট বা মাধ্যম ব্যবহার করলে সেই অর্থের দায়ভার যুক্তরাষ্ট্র সরকার নেবে না।

বন্ডের টাকা ফেরত পাওয়ার শর্তসমূহ 

  •  নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে।
    ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ভ্রমণ না করলে।

তবে অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে (ওভারস্টে), সময়মতো দেশত্যাগ না করলে বা ভিসার কোনো শর্ত ভঙ্গ করলে বন্ডের পুরো অর্থ বাজেয়াপ্ত হতে পারে।

কাদের জন্য প্রযোজ্য নয় 
দূতাবাস জানিয়েছে, ২১ জানুয়ারির আগে যেসব বাংলাদেশি নাগরিকের বি১/বি২ ভিসা ইস্যু করা হয়েছে, তাদের ক্ষেত্রে এই নতুন শর্ত প্রযোজ্য হবে না। তারা আগের নিয়মেই যুক্তরাষ্ট্রে যাতায়াত করতে পারবেন।

পটভূমি 
সম্প্রতি মার্কিন প্রশাসন বাংলাদেশসহ বিশ্বের ৩৮টি দেশের নাগরিকদের জন্য বি১/বি২ ভিসার ক্ষেত্রে এই পরীক্ষামূলক ‘ভিসা বন্ড’ পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেয়। মূলত ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নির্ধারিত সময়ে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ভিসা বন্ড সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য ও নির্দেশনাবলি যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত