ধর্ম, নির্বাচিত

ধর্ম, নির্বাচিত

সরস্বতী পূজা আজ : মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় উৎসবের আমেজ

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বাংলা বর্ষপঞ্জির মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে প্রতিবছর বিদ্যা, জ্ঞান ও কলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা করা হয়। এ তিথি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।

সরস্বতী পূজা উপলক্ষে আজ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। মন্দির, মণ্ডপ, শিক্ষাপ্রতিষ্ঠান ও গৃহে গৃহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজার আয়োজন করা হয়েছে। অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞান অর্জনের কামনায় দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন।

রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূজা উপলক্ষে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে।

ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও মেলাঙ্গনে কেন্দ্রীয় পূজামণ্ডপে আজ সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে ভোরে প্রতিমা স্থাপন, সকাল থেকে পূজার্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রাঙ্গণে কেন্দ্রীয় পূজাসহ বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের উদ্যোগে মোট ৭৬টি মণ্ডপে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজনে পূজার্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রক্তদান কর্মসূচি থাকছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও পৃথকভাবে পূজার আয়োজন করা হয়েছে।

এ ছাড়াও রমনা কালীমন্দির, মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির, স্বামীবাগের ইসকন মন্দির, মিরপুর কেন্দ্রীয় মন্দির, শাঁখারীবাজার, তাঁতীবাজার ও পুরান ঢাকার বিভিন্ন মন্দির ও মণ্ডপে সরস্বতী পূজা উপলক্ষে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

সরস্বতী পূজা উপলক্ষে দেওয়া বাণীতে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্ম ও বর্ণভেদে নয়, এ দেশ সকল মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।

এ উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দও হিন্দু সম্প্রদায়সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত