ধর্ম, লিড নিউজ

ধর্ম, লিড নিউজ

পবিত্র শবে বরাত আজ

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র শবে বরাত। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই রাতটি মুসলিম উম্মাহর কাছে ‘লাইলাতুল বরাত’ বা সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত।

পবিত্র শবে বরাত উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ উপলক্ষে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি থাকবে।

এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘মহিমান্বিত এই রাতে আমরা ইবাদত-বন্দেগি ও দান-সদকার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করতে পারি। আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করার প্রচেষ্টায় আমরা আল্লাহর অসীম রহমত ও বরকত অর্জন করতে পারি।’ তিনি এই রাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানবসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মাগরিবের নামাজের পর থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই কর্মসূচি।

  • সন্ধ্যা ৬:৩০ মিনিট : লাইলাতুল বরাতের তাৎপর্য নিয়ে আলোচনা করবেন মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী।
  • রাত ৮:৩০ মিনিট : শবে বরাতের শিক্ষা, করণীয় ও বর্জনীয় বিষয়ে ওয়াজ করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
  • আখেরি মোনাজাত : ফজরের নামাজের পর বিশেষ মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

ইবাদত ও জিকির-আজকারের সুবিধার্থে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সারারাত মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতেও অনুরূপ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ রাতে ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির ও মিলাদ মাহফিলের মাধ্যমে সময় কাটাবেন। বাসাবাড়ি ছাড়াও প্রতিটি মসজিদে মুসল্লিদের ভিড় থাকবে। বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ বেসরকারি চ্যানেলগুলো বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করবে।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত
    গত ৭ দিনের কোনো জনপ্রিয় খবর পাওয়া যায় নি।