
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি ও অভিনেতা শরীফুল রাজের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে প্রায় তিন বছর আগে। দীর্ঘ সময় পার হলেও তাদের বিচ্ছেদ নিয়ে জনমনে কৌতূহল ও গুঞ্জনের শেষ নেই। বিশেষ করে সংসার ভাঙার পেছনে কোনো ‘তৃতীয় পক্ষ’ ছিল কি না— তা নিয়ে নানা কথা প্রচলিত ছিল। অবশেষে সেই গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন পরীমনি।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে রাজের সঙ্গে বিচ্ছেদ ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। সেখানে তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতার বিষয়টি নাকচ করে তিনি জানান, কোনো ব্যক্তির কারণে নয়, বরং কেবল বোঝাপড়ার অভাবেই তাঁদের বিচ্ছেদ হয়েছে।
পরীমনি বলেন, ‘তৃতীয় পক্ষের কোনো বিষয় নয়। সংসার টিকিয়ে রাখতে যে চেষ্টা করতে হয়, সেটা রাজ জানেই না। কিংবা কারও চেষ্টাকে কীভাবে সমর্থন জানাতে হয়, সেটাও সে জানে না।’
বাচ্চার খোঁজ না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে বিনোদন অঙ্গনে একটি কথা প্রচলিত আছে যে, পরীমনির বাঁধার কারণেই রাজ তার সন্তানের খোঁজ নিতে পারছেন না। এই ধারণাকে সম্পূর্ণ ভুল বলে উল্লেখ করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রির মধ্যে একটা কথা ছড়িয়েছে— আমার জন্য সে নাকি বাচ্চার খোঁজ নিতে পারছে না। এটা খুবই ভুল কথা। আমি চাই, রাজ নিজের দায়িত্ববোধ থেকে সন্তানের বিষয়ে সচেতন হোক। কাউকে না বলেই সে বুঝুক যে তার একটি সন্তান আছে এবং সেই দায়িত্ব নিজে থেকেই উপলব্ধি করুক।’
পেছনের কথা ২০২১ সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে বিয়ে করেছিলেন শরীফুল রাজ ও পরীমনি। ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাঁদের পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। তবে সন্তান জন্মের পর থেকেই তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বিশেষ করে রাজের ফেসবুক আইডি থেকে কয়েকজন অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশের ঘটনা তাঁদের মনোমালিন্যকে চরম পর্যায়ে নিয়ে যায়। শেষ পর্যন্ত ২০২৩ সালের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদ কার্যকর হয়।
বর্তমানে ব্যস্ততা বিচ্ছেদের পর রাজ ও পরীমনি দুজনেই অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন।
পরীমনিকে সর্বশেষ দেখা গেছে ‘ফেলুবক্সী’ সিনেমায়। বর্তমানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছাড়া ‘ডোডোর গল্প’ মুক্তির অপেক্ষায় রয়েছে এবং নিরবের সঙ্গে ‘গোলাপ’ সিনেমায় তাঁর কাজ শুরুর কথা রয়েছে।
শরীফুল রাজকে সর্বশেষ ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমায় দেখা গেছে। সামনে তার অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’, ‘জীবন অপেরা’ এবং নাম ঠিক না হওয়া আরও একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এসব ছবিতে তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন তমা মির্জা, সাবিলা নূর ও বিদ্যা সিনহা মিম।