দেশ

দেশ

‘আমরা করবো জয়’-এর দ্বিতীয় মিটআপ ও ফাল্গুন উৎসব অনুষ্ঠিত

স্পেশাল চাইল্ডের মা, বিচ্ছেদপ্রাপ্ত নারী ও একক মায়েদের (সিঙ্গেল মাদার) পাশে থাকার অঙ্গীকার নিয়ে গঠিত সংগঠন ‘আমরা করবো জয়’-এর দ্বিতীয় মিটআপ এবং ফাল্গুন উদযাপন অনুষ্ঠিত হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি রাজধানীর উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়ার প্লাজায় এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এই প্রোগ্রামটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের উপদেষ্টা জহুরা হালিম লাভলী আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। দিনব্যাপী এই আয়োজনে ছিল সংগঠনের ভবিষ্যৎ সামাজিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, দুপুরের মধ্যাহ্নভোজ এবং প্রাণবন্ত আড্ডা। সংগঠনের সদস্যদের মধ্যে শাহানা আক্তার, নাদিরা পারভীন ও সাজেদা রুমা নিজেদের কণ্ঠে গান পরিবেশন করে অনুষ্ঠানটিকে আরও মুখরিত করে তোলেন। সবশেষে ছিল বিকেলের চায়ের আড্ডা এবং ফটো সেশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা করবো জয়’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান ফাহিমা সুলতানা পারভীন। এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামিমা সুলতানা রোমানা, উপদেষ্টা জহুরা হালিম লাভলী, সেক্রেটারি নাদিরা পারভীন, ঋক্ষশৈলী অ্যাডমিন সুলতানা মুক্তা, মডারেটর শাহানা আক্তার ও স্মৃতি রিমঝিম। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাজিয়া ফেরদৌস, কাকলী আলম, সাজেদা রুমা, সালমা আক্তার, আকলিমা খাতুন এবং কানিজ ফাতেমা শ্যামলী।

সংগঠনটির মূল লক্ষ্য হলো— স্পেশাল চাইল্ডের মা, ডিভোর্সী নারী এবং সিঙ্গেল মাদার, যারা বিভিন্ন পারিবারিক ও সামাজিক কারণে বিষণ্নতায় (ডিপ্রেশন) ভোগেন, তাঁদের মানসিক শক্তি জোগানো। অন্য সব নারীর মতো তাঁরাও যেন সুন্দর ও স্বাভাবিক জীবন অতিবাহিত করতে পারেন, সেই লক্ষ্যেই সংগঠনটি কাজ করে যাচ্ছে।

সম্প্রতি শীত মৌসুমে সংগঠনের পক্ষ থেকে ব্যক্তিগত উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে অসহায় ও পিছিয়ে পড়া মানুষের জন্য আরও বড় পরিসরে সামাজিক কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত
    গত ৭ দিনের কোনো জনপ্রিয় খবর পাওয়া যায় নি।