
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। আগামীকাল ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে নির্বাচন কমিশনের (ইসি) সব ধরনের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। আজ বুধবার সকাল থেকেই রাজধানীর বাইরে জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, আজ বুধবার রাতের মধ্যেই দেশের সব দুর্গম ও ঢাকার বাইরের ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সামগ্রী পৌঁছে যাবে। তবে নিরাপত্তার খাতিরে রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোর কেন্দ্রগুলোতে সরঞ্জাম পৌঁছাবে আজ বিকেলের পর।
এবারের নির্বাচনে ভোটারদের জন্য থাকছে বিশেষ অভিজ্ঞতা। প্রতিটি কেন্দ্রে ভোটাররা দুটি আলাদা রঙের ব্যালটে নিজেদের মতামত দেবেন।
সাদা ব্যালট : সংসদ সদস্য নির্বাচনের জন্য।
গোলাপি ব্যালট : সংবিধান সংশোধন বা গণভোটের জন্য।
নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইজিপি বাহারুল আলম। তিনি জানান, নির্বাচনী নিরাপত্তায় পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও বিজিবিসহ প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য নিয়োজিত রয়েছেন।
আইজিপি বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা এতোটাই জোরদার যে, নির্বাচনকে বাধাগ্রস্ত করার শক্তি কারো নেই। বিচ্ছিন্ন কোনো ক্রাইম হতে পারে, তবে ইলেকশন রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই।’
সারাদেশে প্রায় ৪৩ হাজার কেন্দ্রের মধ্যে ইসি ৮ হাজার ৭৭০টি কেন্দ্রকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে। এছাড়া প্রায় ১৬ হাজার কেন্দ্রকে ‘মধ্যম ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এসব কেন্দ্রে সিসি ক্যামেরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি টহল নিশ্চিত করা হয়েছে।
আগামীকাল সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।