
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে যেকোনো ধরনের কারচুপি, আচরণবিধি লঙ্ঘন কিংবা অপপ্রচার রুখতে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে যেকোনো নাগরিক নির্বাচনী অনিয়ম দেখলেই সরাসরি কমিশনকে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। এ লক্ষ্যে ৫টি বিশেষ হটলাইন নম্বর চালু করেছে ইসি।
ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগারগাঁওয়ে নির্বাচন ভবনে একটি বিশেষ ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ স্থাপন করা হয়েছে। এই সেলটি অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেবে।
যেসব নম্বরে অভিযোগ জানানো যাবে
আপনার এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বা কোনো বিশৃঙ্খলা ঘটলে নিচের টেলিফোন নম্বরগুলোতে কল করুন :
০২৫৫০০৭৪৭০, ০২৫৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪, ০২৫৫০০৭৫০৬
এই হটলাইন নম্বরগুলো আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সার্বক্ষণিক চালু থাকবে।
কী কী জানানো যাবে
ভোটকেন্দ্রে বাধা প্রদান, ভোটারদের ভয়ভীতি দেখানো, আচরণবিধি লঙ্ঘন, ভুয়া তথ্য বা অপপ্রচার এবং যেকোনো ধরনের নির্বাচনী অনিয়ম।
নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে যে, অভিযোগকারীর পরিচয় গোপন রেখে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেছে ইসি।