জাতীয়, নির্বাচন, লিড নিউজ

জাতীয়, নির্বাচন, লিড নিউজ

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোটের ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই বিশাল কর্মযজ্ঞ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। এখন দেশজুড়ে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন— কে হচ্ছেন আগামীর প্রধানমন্ত্রী, কোন দল গঠন করতে যাচ্ছে সরকার আর গণভোটের রায়ই বা কী?

জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনটি ছিল নতুন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ২৯৯টি আসনে সার্বিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণ হলেও কিছু স্থানে বিচ্ছিন্ন সহিংসতার খবর পাওয়া গেছে। কয়েকটি জেলায় ককটেল বিস্ফোরণ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। ভোট চলাকালে অসুস্থতাজনিত কারণে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম সংসদ নির্বাচনের সাথে গণভোট অনুষ্ঠিত হলো। সংবিধানের মৌলিক সংস্কার প্রশ্নে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোটের মাধ্যমে নিজেদের রায় দিয়েছেন ভোটাররা। পাশাপাশি এবারই প্রথমবারের মতো প্রবাসীরা ডিজিটাল পদ্ধতিতে ‘পোস্টাল ভোট’ দেওয়ার সুযোগ পেয়েছেন, যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক নতুন মাইলফলক।

নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্যমতে, বিকেল পর্যন্ত ভোটের গড় হার প্রায় ৪৮ শতাংশের কাছাকাছি। ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন প্রতিটি কেন্দ্রে শুরু হয়েছে ব্যালট গণনা। প্রিজাইডিং অফিসাররা ফলাফল চূড়ান্ত করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাচ্ছেন। আশা করা হচ্ছে, আজ রাত থেকেই কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফল আসা শুরু হবে।

নির্বাচনী ময়দানে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা কারচুপির কিছু অভিযোগ তুললেও ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বড় ধরনের কোনো ত্রুটি ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে। এখন দেখার বিষয়, জনগণের রায়ে ক্ষমতার মসনদে কারা বসেন এবং গণভোটের মাধ্যমে সংবিধানের কী ধরণের পরিবর্তন আসে।

সর্বশেষ সর্বাধিক পঠিত
    গত ৭ দিনের কোনো জনপ্রিয় খবর পাওয়া যায় নি।