বিনোদন

বিনোদন

এস কে সমীরের মিউজিক ভিডিও ‘তুমি কতটা সুখী হয়েছো?’ প্রকাশিত

ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে ‘তুমি কতটা সুখী হয়েছো?’ শিরোনামে নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক এস কে সমীর। গানটি প্রকাশিত হয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘Sameer Express’ থেকে। গানটির কথা, সুর, সংগীত পরিচালনা ও কণ্ঠ— সবই করেছেন তিনি নিজেই।

গানটি প্রসঙ্গে এস কে সমীর জানান, বর্তমান সময়ে বড় অডিও লেবেল কোম্পানিগুলো থেকে নতুন গান প্রকাশের সুযোগ তুলনামূলক কমে যাওয়ায় অনেক শিল্পী ও সংগীত পরিচালকের মধ্যে একধরনের হতাশা কাজ করছে। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন আগে তৈরি করা এই গানটি নতুন করে মিউজিক ভিডিও আকারে প্রকাশ করেছেন তিনি। এর আগে এনটিভির একটি লাইভ অনুষ্ঠানে গানটি পরিবেশন করার পর থেকেই শ্রোতা ও ভক্তদের পক্ষ থেকে গানটি ভিডিও আকারে প্রকাশের অনুরোধ ছিল।

তিনি আরও বলেন, নানা কাজের ব্যস্ততার কারণে নিজের কণ্ঠের গান নিয়মিত প্রকাশ করা সম্ভব হয় না। তবে সুযোগ পেলেই নিজের তৈরি গান শ্রোতাদের সামনে তুলে ধরার চেষ্টা করেন। ‘তুমি কতটা সুখী হয়েছো?’ গানটি সেই প্রচেষ্টারই একটি অংশ।

মিউজিক ভিডিওটিতে সহযোগী অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন শেখ চাঁদনী এবং ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। স্বল্প আয়োজনে গানটির জন্য একটি নান্দনিক ভিজুয়াল উপস্থাপনার চেষ্টা করা হয়েছে বলে জানান শিল্পী। নতুন আঙ্গিকে তৈরি গানটি বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বর্তমানে এস কে সমীর তার নিজস্ব ইউটিউব চ্যানেল পরিচালনার পাশাপাশি নতুন অডিও-ভিডিও লেবেল প্রতিষ্ঠান ‘আর্ট বক্স’-এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে চলচ্চিত্রের ব্যাকগ্রাউন্ড মিউজিক, ডাবিং, জিংগেল এবং গান রচনা ও সংগীত পরিচালনার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। ভবিষ্যতেও নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন এই সংগীতশিল্পী।

সর্বশেষ সর্বাধিক পঠিত