

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুটিং ফ্লোরে যাচ্ছে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের নতুন প্রজেক্ট ‘শিকার’। বছরের শুরুতে ওয়েব ফিল্ম হিসেবে এর ঘোষণা দেওয়া হলেও পরিকল্পনা বদলে এটি এখন পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে নির্মিত হচ্ছে। নির্মাণকাজ শেষে দেশের প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে থ্রিলারধর্মী এই সিনেমা।
নির্মাতা কামরুজ্জামান রোমান জানান, গত মার্চেই প্রজেক্টটির শুটিং শুরুর পরিকল্পনা ছিল। তবে প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় নির্ধারিত সময়ে ক্যামেরার সামনে যাওয়া সম্ভব হয়নি। এখন সব প্রস্তুতি সম্পন্ন, তাই চলতি মাসেই শুরু হচ্ছে দৃশ্যধারণের কাজ।
ওয়েব ফিল্ম থেকে সিনেমায় রূপান্তরের বিষয়ে নির্মাতা বলেন, ‘প্রি-প্রোডাকশনের সময় বাজেট, গল্প ও শিল্পী নির্বাচনসহ সার্বিক বিষয় বিবেচনা করে আমাদের মনে হয়েছে, এটি বড় পর্দার জন্য নির্মাণ করাই উপযুক্ত হবে। পরে বিষয়টি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনা করে সম্মিলিতভাবে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।’
নির্মাতা আরও জানান, ‘শিকার’ সিনেমার বেশির ভাগ শুটিং হবে নেপালে। চলতি মাসের মাঝামাঝি সময়ে পুরো টিম দৃশ্যধারণের জন্য সেখানে যাবে। এরই মধ্যে সিনেমার একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। কবির বকুলের কথায় ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। এ ছাড়া আকাশ মাহমুদের সুরে আরও একটি স্যাড ঘরানার গানের রেকর্ডিং চলছে।
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত এই থ্রিলারে অপু বিশ্বাসকে এক গ্ল্যামারাস চরিত্রে দেখা যাবে। তার বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুরতজা পলাশ। নির্মাতা জানান, নাটকে তার অভিনয় দেখেই তাকে এই সিনেমার জন্য নির্বাচন করা হয়েছে।
‘শিকার’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। গল্পই এই সিনেমার সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে দর্শকদের ভিন্নধর্মী একটি সিনেমা উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।