তাজিকিস্তানের সঙ্গে ভিসা প্রক্রিয়া সহজ করা নিয়ে আলোচনা

Post Thumbnail

বাংলাদেশ ও তাজিকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ভিসা প্রক্রিয়া সহজীকরণসহ নানা বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত পররাষ্ট্র দপ্তরের পরামর্শক সভার (এফওসি) ফাঁকে এই আলোচনা সম্পন্ন হয়।

বুধবার (৮ জুলাই) সকালে তাজিকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী ইদিবেক কালান্দার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করতে প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর গুরুত্বারোপ করা হয়। দুই পক্ষই বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, পর্যটন প্রসার এবং দ্বৈত কর পরিহারের বিষয়ে দ্রুত চুক্তি সম্পাদনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা মওকুফের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে।

বর্তমানে দুই দেশের বাণিজ্যের পরিমাণ তুলনামূলক কম হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। এটি বাড়াতে বেসরকারি খাতের যোগাযোগ বৃদ্ধি এবং ব্যবসায়ী প্রতিনিধি দলের নিয়মিত বিনিময়ের ওপর তিনি জোর দিয়েছেন। দুই রাজধানীতে আবাসিক কূটনৈতিক মিশন খোলা এবং সরাসরি বিমান চলাচলের বিষয়েও দুই পক্ষ মতবিনিময় করেছে।

পারস্পরিক যোগাযোগ ও সম্পর্কের গভীরতা বাড়াতে বাংলাদেশ-তাজিকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের প্রস্তাবকেও স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করায় তাজিকিস্তানকে ধন্যবাদ জানানো হয়।

আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে দুই দেশ একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এছাড়া সাংহাই সহযোগিতা সংস্থায় (এসসিও) বাংলাদেশের সদস্যপদের আকাঙ্ক্ষাকে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন তাজিকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী।