মিরপুরে গুলির ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার যুবক ৪ দিনের রিমান্ডে

Post Thumbnail

রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলির ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার মো. কাওছার ভূঁইয়া ওরফে শান্তকে (২৪) চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। মিরপুর মডেল থানার এসআই (জিআরও) রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে মিরপুর ১০ নম্বর সেনপাড়া এলাকার চৌরঙ্গী মার্কেটের সামনে গুলির শব্দ শুনে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহযোগিতায় কাওছারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ছয় চেম্বারের রিভলবার, চারটি ব্যবহৃত কার্তুজের খোসা ও দুটি তাজা কার্তুজ জব্দ করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি গুলির অংশবিশেষও উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কাওছার পুলিশকে জানিয়েছেন, পূর্বশত্রুতার জেরে জাকির নামের এক সহযোগীকে সাথে নিয়ে তিনি সাইফুল ইসলাম ওরফে সিজু (৪০) নামের এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। তবে তার কাছে থাকা অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স নেই।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এই গুলির ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন, পলাতক সহযোগী জাকিরকে গ্রেপ্তার, জব্দ করা অস্ত্রের উৎস নিশ্চিত করা এবং চক্রটির সাথে আর কেউ জড়িত কি না—তা খতিয়ে দেখার জন্য কাওছারকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।