

রাজধানীর মিরপুরে গুলির ঘটনায় অস্ত্রসহ আটক মো. কাওছার ভূঁইয়া ওরফে শান্তকে (২৪) চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। মিরপুর মডেল থানার এসআই ও জিআরও রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে মিরপুর-১০ নম্বর সেনপাড়া এলাকার চৌরঙ্গী মার্কেটের সামনে গুলির শব্দ শুনে টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে স্থানীয়দের সহায়তায় কাওছারকে একটি রিভলবারসহ আটক করা হয়। তার কাছ থেকে ছয় চেম্বারবিশিষ্ট একটি রিভলবার, চারটি ব্যবহৃত কার্তুজের খোসা ও দুটি তাজা কার্তুজ জব্দ করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি গুলির অংশবিশেষও উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওছার জানিয়েছেন, পূর্বশত্রুতার জের ধরে জাকির নামের এক সহযোগীকে সঙ্গে নিয়ে তিনি সাইফুল ইসলাম ওরফে সিজু (৪০) নামের এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। তবে তার কাছে থাকা অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স তিনি দেখাতে পারেননি।
মামলার তদন্তের স্বার্থে অস্ত্রের উৎস, পলাতক সহযোগী জাকিরকে গ্রেপ্তার এবং এই অপরাধ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা জানার জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা তুলে ধরে পুলিশ। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।