

ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহরিয়ার করিমকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তাকে আটক করা হয়।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় শাহরিয়ার করিম ভারতে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দেন। এসময় ইমিগ্রেশন ডেস্কে কর্তব্যরত কর্মকর্তারা শনাক্ত করেন যে, তার নাম ইমিগ্রেশনের ‘স্টপলিস্টে’ রয়েছে। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। জানা গেছে, শাহরিয়ার করিমের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে। ওই মামলার কারণেই ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, আটক শাহরিয়ার করিমের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ঝিনাইদহ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ঝিনাইদহ থেকে পুলিশ আসলে তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে।
আটক শাহরিয়ার করিম ঝিনাইদহ সদর উপজেলার উকিলপাড়া এলাকার রবিউল করিমের ছেলে।