

আগামী দিনের বাংলাদেশে আর কাউকে শেখ হাসিনা হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। বুধবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরে পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘আগের সরকারের একটি রোগ ছিল—সবাই খারাপ, কিন্তু শেখ হাসিনা ভালো। আমরা আগামীতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হতে দেব না।’ এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে বলেন, ‘আপনি এখন প্রধানমন্ত্রী। আপনার দলের জেলা, উপজেলা বা বিভাগের নেতারা যদি চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক ব্যবসা কিংবা নিরপরাধ মানুষের ওপর জুলুম করে, তবে সেই দায় আপনাকে নিতেই হবে। আপনি কোনোভাবেই এই দায় এড়াতে পারবেন না।’
জনসাধারণের উদ্দেশে সারজিস আলম আরও বলেন, ‘কোনো দলের কাছে বা মার্কার কাছে নিজেদের বিবেকবোধ বন্ধক রাখবেন না। যেসব নেতা বা কর্মী চাঁদাবাজি, জমি দখল ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত নন, তাদের সঙ্গেই থাকুন। আপনারা যদি অন্ধভাবে কোনো দল বা মার্কার সমর্থন করেন, তবে দেশের পরিবর্তন সম্ভব নয়।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের আগে পুলিশকে ব্যক্তিগত ক্ষমতা টিকিয়ে রাখতে ব্যবহার করেছিলেন শেখ হাসিনা। আমরা চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজের মাধ্যমে হারানো গৌরব ও সম্মান পুনরুদ্ধার করুক। মনে রাখবেন, প্রতিটি রাজনৈতিক দলই ক্ষমতায় থাকার জন্য আপনাদের ব্যবহার করতে চাইবে। তবে পেশাদারিত্ব ও বিবেক বিসর্জন দিলে নিজের বিবেকের কাছে কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।’
পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ থেকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে কালিহাতী উপজেলা চেয়ারম্যান পদে মেহেদী হাসানকে এনসিপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। পরে ভূঞাপুর উপজেলা সদরেও একটি পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।