

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির প্রশাসন। সরকারিভাবে পরিচালিত ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’-এর আওতায় গত এক বছরের বেশি সময়ে বিশ্বের ১১২টি দেশের ২ লাখ ৪২ হাজার ৬৩ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
বুধবার (৮ জুলাই) মালয়েশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দেওয়ান রাকইয়াতে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্র উপমন্ত্রী শামছুল আনোয়ার নাসারাহ। তিনি জানান, এই কর্মসূচির আওতায় মোট ২ লাখ ৬৪ হাজার ১৯১ জন বিদেশি নাগরিক নিবন্ধিত হয়েছিলেন। তাদের মধ্যে বড় একটি অংশকে ইতোমধ্যে প্রত্যাবাসন করা হয়েছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র উপমন্ত্রী আরও জানান, অবৈধ অভিবাসন রোধে ইমিগ্রেশন বিভাগ এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয়। নিয়মিত অভিযান, আইন প্রয়োগের তদারকি এবং বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় বজায় রেখে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৪৭০টি বিশেষ অভিযান চালানো হয়েছে। এই সময়ের মধ্যে ৭৬ হাজার ৬০৮ জনের নথিপত্র ও বৈধতা যাচাই করা হয়। এছাড়া উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়িয়ে বিদেশি শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাকেন্দ্র, পাইকারি বাজার ও আবাসিক এলাকায় ২ হাজার ৫২৮টি পরিদর্শন চালানো হয়েছে।
অবৈধ কর্মকাণ্ড ও বিদেশিদের অননুমোদিত ব্যবসায়িক কার্যক্রম ঠেকাতে স্থানীয় পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগ এবং স্থানীয় সরকারের সহায়তায় ৪৭০টি সমন্বিত অভিযান ও ৭১টি বিশেষ অভিযান পরিচালনা করেছে কর্তৃপক্ষ। মালয়েশিয়ায় বিদেশিদের বসবাসের ঘনত্ব নিয়ে স্থানীয় জনগণের মধ্যে যে উদ্বেগ রয়েছে, তা নিরসনেই এসব কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় সরকার।