

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালকে দখলমুক্ত এবং সুশৃঙ্খল করতে কঠোর অবস্থানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। টার্মিনালের বর্তমান বিশৃঙ্খলা নিরসনে পরিবহন মালিক ও শ্রমিকদের জন্য আগামী ১৫ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। এই সময়ের পর নিয়ম লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতিবার সকালে সায়েদাবাদ টার্মিনাল পরিদর্শনকালে প্রশাসক বলেন, টার্মিনাল কোনোভাবেই বাস ডাম্পিং বা দীর্ঘ সময় বাস রাখার স্থায়ী জায়গা হতে পারে না। এখানে কেবল যাত্রী ওঠানামার কাজে নিয়োজিত বাসগুলোই অবস্থান করবে। অন্য কোনো বাসকে সেখানে রাখা যাবে না।
টার্মিনালের শৃঙ্খলা ফেরাতে তিনি বেশ কিছু পদক্ষেপের কথা জানান। এর মধ্যে এসি বাসের জন্য আলাদা জায়গা নির্ধারণ, টার্মিনালের ভেতরের অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ অন্যতম। এলাকাটি পরিচ্ছন্ন রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও জানান তিনি।
আব্দুস সালাম আরও জানান, সিটি করপোরেশন সায়েদাবাদ টার্মিনালকে একটি কার্যকর ও আধুনিক যাত্রীসেবা কেন্দ্রে রূপান্তর করতে চায়। একই সঙ্গে গুলিস্তান এলাকা থেকে বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে পুরো রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে বলে জানান ডিএসসিসির এই প্রশাসক।