

বিশ্বকাপ ফুটবলের মঞ্চে মিশরের বিতর্কিত বিদায়ের রেশ এবার গড়িয়েছে মাঠ পেরিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি পর্যন্ত। আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৩-২ গোলে হারের পর ম্যাচ পরিচালনা ও ভিএআর (VAR) প্রযুক্তি নিয়ে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তাতে শামিল হয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি সরাসরি অভিযোগ করেছেন, মিশরের সাথে মাঠের লড়াইয়ে ডাকাতি করা হয়েছে।
গত মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে মিশরের হারের পর থেকেই রেফারির সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্বে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এই বিতর্ক এতটাই জোরালো হয়েছে যে, মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) বিষয়টির সুরাহা চেয়ে ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে।
এই ঘটনার একদিন পর বুধবার নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র মামদানি এই প্রসঙ্গটি টেনে আনেন। তিনি মূলত ‘নেক্সট স্টপ: বেটার বাসেস, ফাস্টার সার্ভিস’ নামক একটি গণপরিবহন সেবা কর্মসূচির উদ্বোধনে অংশ নিয়েছিলেন। দ্রুতগতির বাসসেবা ব্যবহারের ফলে নগরবাসীর মূল্যবান সময় বেঁচে যাবে—এই বিষয়টি বোঝাতে গিয়েই তিনি বিশ্বকাপের প্রসঙ্গ অবতারণা করেন।
মেয়র মামদানি বলেন, ‘এই দ্রুতগতির বাসসেবা চালুর ফলে ছয় মাসে যাত্রীদের ২৪ ঘণ্টা সময় বাঁচবে। এই সময়ে আপনারা পরিবারের সাথে সকালে নাশতা করতে পারবেন কিংবা সন্তানের খেলার মাঠে সময় কাটাতে পারবেন। পাশাপাশি বন্ধুদের সাথে বসে নিশ্চিন্তে একমত হতে পারবেন যে, গতকাল মিশরের সাথে ডাকাতি করা হয়েছে।’
বিশ্বকাপে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে রাজনীতিকের এমন সরব উপস্থিতি পুরো বিষয়টিকে ভিন্ন মাত্রা দিয়েছে। মাঠের লড়াইয়ের চেয়ে এখন মাঠের বাইরের এই মন্তব্যগুলোই ফুটবল ভক্তদের মাঝে নতুন আলোচনার খোরাক জোগাচ্ছে।