

বৈষম্যহীন সমাজ গঠন ও তরুণ প্রজন্মের অধিকার আদায়ে গতিশীল নেতৃত্বের লক্ষ্যে বাংলাদেশ যুব ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১০ জুলাই) রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজা সংলগ্ন ড. গোলাম মহিউদ্দিন স্মৃতি পাঠাগার মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান মাসুম। তিনি তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। উদ্বোধনী পর্বটি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বাড্ডা থানা সংসদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শুরু হয়।
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, সিপিবির ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, কেন্দ্রীয় সদস্য ডা. সাজেদুল হক রুবেলসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সাম্য ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে যুব ইউনিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে সংগঠনের পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য ২৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে ইরান মোল্লাকে সভাপতি এবং মো. সোহেল ফকিরকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
নতুন কমিটিতে সহসভাপতি পদে অনিন্দ্য দ্বীপ, জাহিদুল ইসলাম সজীব, আবুল হাসান ও মিনা চৌধুরী দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া সুমাইয়া সেতু ও তাপস চন্দ্র শীল সহসাধারণ সম্পাদক, অভী জ্যানেট সাংগঠনিক সম্পাদক, সালমা আক্তার শিমু কোষাধ্যক্ষসহ বিভিন্ন সম্পাদক পদে নতুন দায়িত্বপ্রাপ্তরা মনোনীত হয়েছেন। কমিটিতে সদস্য হিসেবে থাকছেন পঙ্কজ মণ্ডল, ইমরান চৌধুরী, অলিদ হাসান লাবু, শাওন বিশ্বাস, ফিলোমিনা কোড়াই অভি ও গিয়াস উদ্দিন। কমিটির দুটি পদ আপাতত শূন্য রাখা হয়েছে, যা পরবর্তীতে পূর্ণ করা হবে।