

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপনের স্ত্রী মেহেজাবিন আক্তার লোটাস আর নেই। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি।
পারিবারিক সূত্রে জানা যায়, ৪৫ বছর বয়সী মেহেজাবিন আক্তার লোটাস দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। দেশে ও বিদেশে উন্নত চিকিৎসার পরও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। অবশেষে মৃত্যুর কাছে হার মানেন তিনি। মৃত্যুকালে তিনি স্বামী এ কে কিবরিয়া স্বপন, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এক শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার মতো ধৈর্য ও শক্তি প্রদানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
মেহেজাবিন আক্তার লোটাসের অকাল প্রয়াণে ফরিদপুরের বিএনপির নেতাকর্মী, স্থানীয় শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।