

বিশ্বকাপ ফুটবলে নিজের প্রিয় দল মিশরের পরাজয় ও রেফারিংয়ে অনিয়মের অভিযোগ তুলে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় হাজির হয়েছেন নোয়াখালীর এক ফুটবল ভক্ত। ম্যাচে জালিয়াতি ও কোটি কোটি মানুষের আবেগ নিয়ে খেলার দাবি তুলে তিনি ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।
অভিযোগকারী যুবকের নাম মো. রাকিব (২২)। তিনি নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের মান্দারতলী গ্রামের মো. সিরাজের ছেলে। গত বুধবার রাতে তিনি সুধারাম থানায় এই লিখিত অভিযোগটি জমা দিতে যান।
অভিযোগে রাকিব জানান, গত মঙ্গলবার রাতে তিনি স্থানীয় করমুল্যা বাজারে বসে ২০২৬ বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচটি দেখছিলেন। তার দাবি, ম্যাচের ১৪ মিনিটে মিশর গোল করার পর রেফারি ফিফা সভাপতির প্ররোচনায় আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া শুরু করেন। তিনি অন্যায্য পেনালটি দেওয়া এবং মিশরের বৈধ গোল বাতিল করার মাধ্যমে ম্যাচে জালিয়াতি করেছেন বলে অভিযোগ করেন। এছাড়া মিশরের খেলোয়াড় ও কোচকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কার্ড দেখানোর বিষয়টিও তিনি এজাহারে উল্লেখ করেছেন।
রাকিবের ভাষ্যমতে, ফিফা কর্তৃপক্ষের এমন চরম পক্ষপাতিত্বের কারণে তিনি এবং বিশ্বের কোটি কোটি মিশর সমর্থক মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। এই মানসিক যন্ত্রণার বিচার দাবি করে তিনি থানায় অভিযোগ করেন। অভিযোগে ফিফা সভাপতি ও রেফারি ছাড়াও আরও ১৫-২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বিবাদী করা হয়েছে।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ওই তরুণ অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন। তবে এই ধরনের অভিযোগ থানায় মামলা হিসেবে নেওয়ার কোনো আইনি সুযোগ নেই। পুলিশ বিষয়টি বুঝিয়ে বললে তরুণ অভিযোগ নিয়ে থানা থেকে ফিরে যান।
তবে দমে যাননি রাকিব। তিনি জানিয়েছেন, প্রয়োজনে তিনি আদালতে মামলা করবেন এবং বিচার চেয়ে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন।