

দেশের প্রতিটি প্রান্তে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে নতুন অবকাঠামো নির্মাণ ও সেবার পরিধি বাড়ানোর ওপর জোর দিয়েছে সরকার। এখন থেকে চিকিৎসার অভাবে আর কোনো মানুষের প্রাণহানি যাতে না ঘটে, সেই লক্ষ্যেই কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের ১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নআয়ের মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লম্বা লাইনে অপেক্ষা না করেই খুব সহজে হাতের কাছে স্বাস্থ্যসেবা পাবেন। সরকারের মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও সহজলভ্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
কিডনি রোগীদের সুবিধার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, উপজেলা পর্যায় পর্যন্ত কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও জেলা হাসপাতালগুলোতেও ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণ করা হবে।
তিনি আরও বলেন, নতুন ভবন নির্মাণ ও নানা সংস্কারমূলক কার্যক্রম চলমান রয়েছে যাতে কোনো গ্রাম স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না থাকে। সরকারের অগ্রাধিকার হলো স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, যাতে কোনো নাগরিক চিকিৎসার অভাবে অকালে প্রাণ না হারান।