স্মৃতির ডালি সাজিয়ে বিয়ের রজতজয়ন্তী উদ্‌যাপন করলেন টনি ও প্রিয়া ডায়েস

Post Thumbnail

দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকা দম্পতি টনি ডায়েস ও প্রিয়া ডায়েস তাদের দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্ণ করেছেন। বিবাহিত জীবনের রজতজয়ন্তী উপলক্ষটি বিশেষভাবে পালন করতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করেন তারা।

২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়েবন্ধনে আবদ্ধ হন টনি ও প্রিয়া। নানা ব্যস্ততার কারণে ফেব্রুয়ারি মাসে মূল দিনে উদ্‌যাপন করতে না পারলেও, সম্প্রতি নিউইয়র্কের লং আইল্যান্ডের হিকসভিলে আয়োজিত অনুষ্ঠানে কাছের মানুষদের নিয়ে দিনটি পালন করেন তারা। অনুষ্ঠানে এই দম্পতির মেয়ে অহনা এবং অন্য ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ ২৫ বছরের পথচলা নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন টনি ডায়েস। সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজনের কিছু ছবি শেয়ার করে তিনি লেখেন, ২৫ বছরের এই যাত্রায় তাদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো এমন একটি পরিবার ও বন্ধু মহল, যারা সব সময় পাশে থেকে তাদের ভালোবাসার গল্পকে আরও অর্থবহ করে তুলেছে।

টনি ডায়েস স্মৃতিচারণা করে আরও বলেন, ক্যামেরার সামনে তারা বহু গল্প বলেছেন, কিন্তু নিজেদের ভালোবাসার গল্পটিই ছিল সবচেয়ে সুন্দর। তিনি বলেন, দেশ বদলেছে, সময় গড়িয়েছে, কিন্তু শুটিংয়ের মহড়া, স্টুডিওর সেই প্রাণবন্ত হাসি আর কাটানো স্মৃতিগুলো আজও তাদের কাছে সতেজ। এই রজতজয়ন্তী কেবল তাদের দুজনের উদ্‌যাপন ছিল না, বরং বহু বছরের বন্ধুত্ব ও সম্পর্কের এক মিলনমেলায় পরিণত হয়েছিল।

উল্লেখ্য, ২০০৮ সালের শেষ দিকে টনি ডায়েস স্ত্রী ও মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে তারা প্রবাসে বসবাস করলেও নিজেদের সম্পর্কের বন্ধন ও বন্ধুত্বের জায়গাটি অমলিন রেখেছেন।