ঢাকা ও চট্টগ্রামে সকাল থেকে বৃষ্টি, কত দিন চলতে পারে

Post Thumbnail

সপ্তাহের প্রথম কর্মদিবসে অঝোর ধারার বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকা ও চট্টগ্রামের বাসিন্দারা। টানা বৃষ্টিতে দুই শহরেরই অনেক প্রধান সড়ক ও অলিগলি তলিয়ে গেছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট, আর গন্তব্যে পৌঁছাতে সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির পানির কারণে অনেক যানবাহন মাঝরাস্তায় বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে। অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে যানবাহনের অপেক্ষায় কাটাতে হয়েছে। ফকিরাপুলসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তাঘাট অনেকটা জলমগ্ন হয়ে পড়ায় পথচারীদের হাঁটু সমান পানি পার হতে হচ্ছে। এদিকে বন্দরনগরী চট্টগ্রামে টানা এক সপ্তাহ ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেখানে জলাবদ্ধতা পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে সৃষ্ট নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আজ রোববার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে ২৮ মিলিমিটার এবং চট্টগ্রামে ৪১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া গতকাল শনিবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত চট্টগ্রামে ১২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বৃষ্টি কতদিন থাকতে পারে এমন প্রশ্নে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আজও রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। তবে চট্টগ্রামে আগামীকাল সোমবার থেকে বৃষ্টির প্রকোপ কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। রাজধানীতে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাতে তা কিছুটা কমতে পারে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, গত রোববারের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের এই প্রবণতা শুরু হয়, যা বর্তমান পরিস্থিতির মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন আবহাওয়াবিদরা।