তামিমকে ‘ভারতীয় এজেন্ট’ বললেন বিসিবি পরিচালক, ক্রিকেটাঙ্গনে তীব্র প্রতিবাদ

Post Thumbnail

টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত ঘিরে দেশের ক্রিকেট অঙ্গনে তীব্র আলোচনা তৈরি হয়েছে। বিসিবির এই সিদ্ধান্ত নিয়ে গতকাল এক অনুষ্ঠানে নিজের মতামত জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মত দেন তিনি।

তামিম ইকবালের ওই মন্তব্যের একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। ‘ফ্রেন্ডস’ প্রাইভেসিতে দেওয়া সেই পোস্টে নাজমুল ইসলাম লেখেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত (পরীক্ষিত) ভারতীয় এজেন্টের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’

জাতীয় দলের সাবেক অধিনায়ককে নিয়ে এমন মন্তব্যের কারণ জানতে নাজমুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বিসিবির অর্থ কমিটির দায়িত্বে থাকা এই পরিচালক ফোন ধরেননি। তবে আজ দুপুরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ‘ফ্রেন্ডস’ প্রাইভেসিতে আরেকটি পোস্ট দেন।

ওই পোস্টে নাজমুল ইসলাম লেখেন, ‘মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল যখন ভারতে নিরাপত্তা ঝুঁকিতে, মাননীয় ক্রীড়া উপদেষ্টা বিষয়টি আন্দাজ করতে পেরে আসন্ন টি–২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসমূহ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের বিষয়ে বিসিবিকে আইসিসির সঙ্গে আলোচনা করতে বলেছেন। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত ক্রীড়া উপদেষ্টার এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। এমন এক পরিস্থিতিতে দেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ১৫ হাজার রান করা এক লিজেন্ডারি ক্রিকেটার।’

পোস্টের শেষে তিনি উল্লেখ করেন, ‘এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত। প্লিজ, এই মন্তব্যকে অন্যভাবে নেবেন না।’

এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি তামিম ইকবাল। তবে তাঁর সতীর্থ ও সাবেক সতীর্থরা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

জাতীয় দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ফেসবুকে লিখেছেন, ‘সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যে আমি হতবাক। একজন জাতীয় দলের ক্রিকেটার সম্পর্কে বোর্ড পরিচালকের এমন শব্দচয়ন শুধু রুচিহীনই নয়, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আমাদের ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী।’ তিনি সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

একই দাবি জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক। তিনি লিখেছেন, ‘সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং দেশের ক্রিকেট সমাজের প্রতি অপমানজনক। একজন সিনিয়র ক্রিকেটারকে ন্যূনতম সম্মানও দেওয়া হয়নি।’ পাশাপাশি তিনি বিসিবির কাছে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদও প্রতিক্রিয়া জানিয়েছেন। ফেসবুকে তিনি লেখেন, ‘ক্রিকেট বাংলাদেশের প্রাণ। সেই ক্রিকেটে বড় অবদান রাখা একজন সাবেক অধিনায়ককে ঘিরে এ ধরনের মন্তব্য দেশের ক্রিকেটের স্বার্থে সহায়ক নয়। আশা করি, সংশ্লিষ্ট মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।’

এ ঘটনায় বিসিবির কাছে প্রতিবাদলিপি পাঠিয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব জানায়, সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বোর্ড পরিচালকের মন্তব্যে তারা স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ। কোয়াবের মতে, দেশের ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটারকে নিয়ে এ ধরনের মন্তব্য শুধু তামিমের জন্য নয়, দেশের পুরো ক্রিকেট সমাজের জন্যই অপমানজনক। একই সঙ্গে বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে বলে উল্লেখ করে সংগঠনটি।