রাজধানীর নিকেতন এলাকায় অনুষ্ঠিত হয়েছে ‘সেশন ল্যাব’ সিজন ওয়ানের প্রথম সেশন। ‘সব রিজারভেশন’ প্রতিষ্ঠানের আয়োজনে মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেন প্রায় শতাধিক অংশগ্রহণকারী।

আয়োজনের প্রথম সেশনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিঙ্কর আহসান। তিনি বর্তমানে WebAble Digital-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সেশনে তিনি বিজ্ঞাপনজীবনের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি, স্ক্রিপ্ট রাইটিং এবং প্রেজেন্টেশন স্কিল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সেশনে অংশগ্রহণকারীরা বিজ্ঞাপন ও সৃজনশীল কাজের নানা বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে ধারণা লাভ করেন। সেশনের শেষাংশে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি বক্তার কাছে বিভিন্ন বিষয়ে জানতে পারেন।

আয়োজকদের পক্ষ থেকে এনামুল হক ও আহনাফ তাহমিদ শানিল জানান, ‘সেশন ল্যাব’-এর এ ধরনের আয়োজন নিয়মিত করা হবে। তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্যোক্তা জীবন এবং পেশাগত দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দেশের সফল ব্যক্তিদের নিয়ে ধারাবাহিক সেশন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, ‘সেশন ল্যাব’ সিজন ওয়ানে মোট ১২টি পেইড সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।