ফরিদপুরে পালিত হয়েছে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’। দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা যুবলীগের উদ্যোগে শহরে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) সন্ধ্যা ৭টায় ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহানের নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও তোরণ প্রদক্ষিণ করে। এ সময় জেলা ও শহর যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী মিছিলে অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ আজ উন্নয়ন, গণতন্ত্র ও অগ্রগতির মহাসড়কে এগিয়ে যাচ্ছে।’ এই ধারা অব্যাহত রাখতে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে যুবলীগকে মাঠ পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান তারা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবলীগ নেতা বাবু, শহর যুবলীগ নেতা ভিপি কাওসার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগ নেতা দেবাশীষ নয়নসহ স্থানীয় যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

