অর্থ ও বাণিজ্য, দেশ

অর্থ ও বাণিজ্য, দেশ

পদ্মাসেতুর কল্যাণে ফল আমদানি বেড়েছে ভোমরা স্থলবন্দরে

দীর্ঘ তিন বছর পর সুদিন ফিরতে শুরু করেছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে। নানা জটিলতায় ২০২১ সাল থেকে ফল আমদানি শূন্যের কোঠায় থাকলেও সম্প্রতি তা আবার বাড়তে শুরু করেছে, যার জন্য পদ্মাসেতু মূখ্য ভূমিকা পালন করছে। এছাড়াও বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের আন্তরিকতাও বড় ভূমিকা রেখেছে বলে জানা যায়।

তথ্যানুসন্ধানে জানা যায়, বছর তিনেক আগে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ফল আমদানির ক্ষেত্রে ভোমরা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতির পর ২০২১ সাল থেকে ভোমরা বন্দর দিয়ে ফল আমদানি কমতে থাকে।

ভোমরা স্থলবন্দর ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, টিআর ওজনে বাড়তি ছাড় না পাওয়ার জন্য তারা ধীরে ধীরে অন্য বন্দরের দিকে ঝুকে পড়ে। সেসব বন্দরে ওজন টেম্পারিং করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ফল আমদানি করা হতো। সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে ওজন টেম্পারিংয়ের কোন সুযোগ আগে থেকেই ছিলো না। সম্প্রতি পদ্মাসেতুর উদ্বোধন হওয়ায় ঢাকা থেকে ভোমরা স্থলবন্দরের দূরত্ব দেশের যে কোন বন্দরের তুলনায় কাছে। একই সাথে কোলকাতা থেকেও কাছাকাছি এ বন্দরের অবস্থান। ফলে ব্যবসায়ীদের পরিবহনসহ আনুসাঙ্গিক খরচ ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানির কারণে তুলনামূলক কম হয়। সরকারি রাজস্ব বেশি পরিশোধ করা হলেও পরিবহনসহ আনুসাঙ্গিক খরচ কম হবার কারণে ব্যবসায়ীরা ধীরে ধীরে ভোমরা স্থলবন্দরের দিকে ঝুঁকছে। একই সাথে যশোরের বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোলে সিরিয়াল জটিলতা ও তীব্র যানজটের কারণে আমদানীকারকরা ভারতীয় ফল ভোমরা বন্দর দিয়ে আমদানির জন্য আগ্রহী হয়ে উঠছে।

সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে ভোমরা স্থলবন্দরের আমদানি বাধাগ্রস্ত করতে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশিত হয়। বাস্তবে যার কোন সাদৃশ্য নেই। যে কোন ধরনের পণ্য আমদানির সময় স্কেলে শুধুমাত্র বন্দর বা রাজস্ব কর্মকর্তারাই নয়, শুল্ক গোয়েন্দার প্রতিনিধি, ডিজিএফআই প্রতিনিধি ও এনএসআই প্রতিনিধি থাকে। যারা আমদানির ঘোষণা ও সার্বিক প্রক্রিয়া নজরদারি করে থাকে।

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, ‘আমরা আমাদের বন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছি। প্রায় ১০ হাজার মানুষের ভাগ্যন্নয়ন বন্দরের সাথে জড়িত। দীর্ঘদিন পর ভোমরা বন্দর দিয়ে ফল আমদানি সত্যি আশাব্যঞ্জক। তবে একটি চক্র সেটি মানতে পারছে না।’

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের কাস্টমস ডেপুটি কমিশনার মো. এনামুল হক বলেন, ‘প্রতিদিনই ভোমরা বন্দরে আমদানি বাড়ছে, যা ইতিবাচক। এতে সরকারি রাজস্ব যেমনি বাড়ছে, তেমনি স্থানীয় শ্রমিকদেরও জীবনযাত্রার উন্নয়ন হচ্ছে। স্কেলে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের বন্দরে যে টিআরগুলো দেওয়া হয় সেগুলো বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ খুলনা কমিশনারের প্রতিনিধি এখানে উপস্থিত থেকে টিআর নির্ধারণ করে দিয়েছে। তার বাইরে আমাদের বন্দরে কোন টিআর সুবিধা দেওয়া হয় না।’

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত