
ঢালিউডের আলোচিত সমালোচিত নায়িকা পরীমণি এবার আলোচনায় অনলাইন জুয়া কোম্পানি ক্রিকেক্স-এর শুভেচ্ছাদূত হয়ে। গত মার্চে শুভেচ্ছাদূত হিসেবে পরীমণির নাম ঘোষণা করে কোম্পানিটি।
গতকাল রবিবার (৩ জুন) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এবার ওই কোম্পানির একটি বিজ্ঞাপন পোস্ট করেন নায়িকা। সেখানে ওই জুয়ার ওয়েবসাইট ভিজিট করতে সবাইকে আমন্ত্রণ জানান পরীমণি।
দেড় মিনিটের ওই বিজ্ঞাপনে দেখা যায়, হলে বসে সিনেমা দেখছেন পরীমণি। এমন সময়ে তার মোবাইলে জুয়া কোম্পানি থেকে ১০ হাজার টাকা জেতার ম্যাসেজ আসে। আর তাতেই খুশিতে চিৎকার করে ওঠেন তিনি।
ফ্ল্যাশব্যাকে দেখা যায়, বাংলাদেশ–ভারত ম্যাচে রোহিত শর্মার আউটে আনন্দ করছেন পরীমণি। এরপর তাকে বলতে শোনা যায়, ‘একটু (কোম্পানির নাম) আনন্দে মেতে উঠেছিলাম। তুমিও পারো আমার মতো টিম বানিয়ে ম্যাচ প্রেডিক্ট করে জিতে নিতে নানা উপহার। ওয়েবসাইটে চলে যাও আর পেয়ে যাও আরও তথ্য।’

অবশ্য এটি কোনো জুয়া কোম্পানি কিনা সে প্রসঙ্গে গণমাধ্যম থেকে পরীমণির কাছে জানতে চাইলে বিরক্তি প্রকাশ করে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘কে বলেছে এটা জুয়া কোম্পানির ওয়েবসাইট? ভালো করে খোঁজ নিয়ে ফোন করুন।’