দেশ, ফিচার

দেশ, ফিচার

শীতের আগমনে খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

প্রকৃতি শীতের আগমনি বার্তা জানাতে শুরু করেছে। গ্রাম অঞ্চলে সন্ধ্যা হলেই শীত অনুভূত হতে থাকে এবং সকালে ঘন কুয়াশা ও শিশির দেখা দেয়। শীত শুরু হলেই গ্রামীণ জনপদের মাঠ, ময়দান, রাস্তাঘাটে গাছিরা খেজুর গাছ থেকে রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন।

গাছিরা খেজুর গাছকে সুন্দরভাবে পরিষ্কার করে গাছের বুক চিরে রস বের করেন। এই সুস্বাদু রসের চাহিদা দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক। শীত যত বাড়ে, খেজুর রসের চাহিদা ততই বৃদ্ধি পায়। বহু বছর ধরে গ্রামবাংলায় খেজুর রস দিয়ে নানা ধরনের পিঠা ও পায়েস তৈরি হয়।

রবিবার (৮ ডিসেম্বর) সকালে পোরশা সুতর ইল মোড়ে গিয়ে দেখা যায়, গাছিরা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে আগুনে জাল দিয়ে পাটালি ও লালির গুড় তৈরি করছেন। শীত মৌসুমের এই সময়ে গাছিদের যেন দম ফেলার সময় নেই।

পোরশা অঞ্চলে খেজুর রসের ব্যাপক চাহিদা রয়েছে। এখানে এক কেজি রস বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায় এবং খেজুরের লালি ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খেজুর রস সংগ্রহের জন্য গাছিরা খেজুর গাছের বুক চিরে সাদা অংশ বের করেন। একটি বাঁশের জীবা তৈরি করে গাছে লাগিয়ে মাটির কলসি বেঁধে সকাল ও সন্ধ্যায় রস সংগ্রহ করেন।

এদিকে, বর্তমানে খেজুর রস থেকে নিপা ভাইরাস ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে, যা মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। তবে, এ বিষয়ে ডাক্তার মোহাম্মদ জুবায়ের হোসেন বলেছেন, ‘৭০-৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেজুর রস ফুটিয়ে খেলে নিপা ভাইরাস ছড়ানোর আশঙ্কা অনেকাংশে কমে যায়।’ তিনি সবাইকে খেজুর রস ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন।

গাছিরা জানান, বর্তমানে অনেকক্ষেত্রে অপ্রয়োজনেও খেজুর গাছ কেটে ফেলছেন। এতে একসময় খেজুর গাছের ঐতিহ্য হারিয়ে যাবে। তাই আমাদের বেশি বেশি খেজুর গাছ রোপণ করতে হবে, যাতে আমরা এই ঐতিহ্য ধরে রাখতে পারি।

সর্বশেষ সর্বাধিক পঠিত