দেশ

দেশ

রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীতে ছয় সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা কথিত চাঁদাবাজি মামলার প্রতিবাদে সাংবাদিক সমাজ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত এ কর্মসূচিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম, রাজশাহী প্রেসক্লাব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী শাখাসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার ও শাহমখদুম থানার ওসিকে অপসারণের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

গত ২৬ আগস্ট নগরীর অগ্রণী ব্যাংক আরডিএ শাখায় জমি নিলামকে কেন্দ্র করে তথ্য সংগ্রহ করতে গেলে কথিত পত্রিকার মালিক পরিচয়দানকারী প্রতারক আক্তারুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডা হয়। এ সময় আক্তার একজন সাংবাদিকের মোবাইল ফোন ভেঙে ফেলেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। ঘটনাটি ভিডিওতে ধারণ হয়ে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়।

পরে সাংবাদিকরা প্রতারক আক্তারের বিরুদ্ধে মামলা করতে চাইলে শাহমখদুম থানার ওসি মাছুমা মুস্তারী মামলা না নিয়ে কেবল লিখিত অভিযোগ নেন। কিন্তু পরে প্রতারক আক্তারের দায়ের করা চাঁদাবাজি মামলা (নম্বর-২/২০২৫) ২ সেপ্টেম্বর থানায় রেকর্ড করা হয়। এতে ছয় সাংবাদিক ও এক ঠিকাদারকে আসামি করা হয়।

আসামি হওয়া সাংবাদিকরা হলেন— ‘রাজশাহীর আলো’ পত্রিকার সম্পাদক আজিবার রহমান, সিনিয়র ফটো সাংবাদিক ফায়সাল আহম্মেদ, আরটিভির ক্যামেরাম্যান আরিফুল হক রনি, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি নাঈম হোসেন, গণমুক্তি পত্রিকার ব্যুরো প্রধান মাজহারুল ইসলাম ও ‘আজকের প্রত্যাশা’র সাংবাদিক নাজমুল হক।

মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা সংবিধান প্রদত্ত অধিকার। অথচ পুলিশ সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে ভুক্তভোগীদের আসামি করেছে। এটি শুধু সাংবাদিকদের নয়, গণতন্ত্রকেও হুমকির মুখে ফেলছে।

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, “আমরা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং ওসিকে অপসারণ দাবি করছি। অন্যথায় সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।”

সাংবাদিক নেতারা মনে করছেন, এই মামলা ‘গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন’ ও মতপ্রকাশের স্বাধীনতাকে পদদলিত করেছে। তারা বলেন, এ ধরনের মামলা গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টি করে এবং সত্য প্রকাশের পথ রুদ্ধ করে দেয়।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এম এ আরিফ, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মীর তোফায়েল হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাহিদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ সর্বাধিক পঠিত