
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে টেলিভিশন টকশোতে দেওয়া বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির একটি বক্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। তার এই বক্তব্যকে ‘অযাচিত’ আখ্যা দিয়ে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তবে সমালোচনার মুখে নিলোফার মনি দাবি করেছেন, তার বক্তব্যটি ‘কাটছাঁট’ করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।
ছাত্রদলের ক্ষোভ ও প্রতিক্রিয়া
বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিলোফার মনির বক্তব্যের তীব্র সমালোচনা করেন।
রাকিব তার পোস্টে লেখেন, ‘প্রিয় নিলোফার চৌধুরী মনি আপা, এমপি, আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু সম্প্রতি টেলিভিশন টকশোতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখান করলাম।’
নিলোফার মনিকে উদ্দেশ করে তিনি আরও লেখেন, ‘আমরা অবগত রয়েছি, আপনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। তাই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্যে আপনি আরও বেশি সংযত ও শ্রদ্ধা প্রদর্শন করবেন—সেটাই প্রত্যাশা করি।’
যে বক্তব্য ঘিরে বিতর্ক
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে নিলোফার চৌধুরী মনি জুলাই আন্দোলনে স্নাইপারের ব্যবহার এবং আন্দোলনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, ‘আন্দোলনে কারা মেইন ছিল, কেউ জানে না। আন্দোলনে অংশ নেওয়াদের একজন আরেকজনকে চেনে নাই। পাশে হাঁটতে গেছে, আন্দোলন করতে গেছে; পাশের একজন পড়ে গেছে। মনে করছে যে নরমাল পড়েছে। আসলে সে মারা গিয়েছে। গুলির কোনও শব্দ হয় নাই, এটা স্নাইপারের গুলি ছিল।’
টকশোতে সঞ্চালক যখন তাকে প্রশ্ন করেন, ‘তার মানে এটা কি কোনো ডিজাইন ছিল বা ষড়যন্ত্র?’ জবাবে নিলোফার মনি বলেন, ‘ডিজাইন তো অবশ্যই ছিল, ষড়যন্ত্র কিনা আমি বলতে পারবো না।’
তিনি আরও বলেন, “কারা মারলো, কেউ জানে না। সামনে কোনো পুলিশও ছিল না। হতে পারে কোনো বাসা থেকে, ওপরতলা থেকে টার্গেট করে হয়তো গুলি করা হয়েছে। আমার নিজের কাছে অনেক প্রশ্নের উত্তর নাই।”
নিলোফার মনির ব্যাখ্যা
ছাত্রদল সভাপতির প্রতিক্রিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পর বৃহস্পতিবার রাতে সংবাদমাধ্যমের কাছে নিজের অবস্থান পরিষ্কার করেন নিলোফার মনি।
তিনি দাবি করেন, তার বক্তব্য আংশিকভাবে প্রচার করা হয়েছে। তিনি বলেন, ‘আমার বক্তব্য অবশ্যই কাটছাঁট করে প্রচার করা হচ্ছে। আমি জুলাই যোদ্ধাদের পক্ষের মানুষ। আন্দোলনের সময়ও টকশো করেছি। আমি বলেছি, পুলিশের কাছে স্নাইপার ছিল না। তাহলে এসব অস্ত্র কোথা থেকে এলো, সেটার তদন্ত হওয়া উচিত।’
টকশোতে বলা ‘ডিজাইন’ শব্দটি প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমি জুলাই ডিজাইন বলেছি এই অর্থে যে, ষড়যন্ত্র করে আমাদের ছেলেগুলোকে হত্যা করা হয়েছে। আমি তো বলিনি, জুলাই আন্দোলন ডিজাইন করা হয়েছিল। আমার বক্তব্যের মূল বিষয় ছিল, আমাদের ছেলেদের বিরুদ্ধে একটি পরিকল্পনা বা ডিজাইন করা হয়েছিল।’