বিদেশ, লিড নিউজ

বিদেশ, লিড নিউজ

ইইউর সঙ্গে বাণিজ্য চুক্তি : গাড়িতে বড় ছাড় দিচ্ছে ভারত

শুল্ক কমছে ১১০% থেকে ৪০ শতাংশে

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানিকৃত গাড়ির ওপর শুল্ক বর্তমানের ১১০ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা করছে ভারত। দুই পক্ষের মধ্যে সই হতে যাওয়া একটি বড় মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ভারতের বিশাল বাজার উন্মুক্ত করার ক্ষেত্রে একে এখন পর্যন্ত সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে কাল মঙ্গলবারই এই চুক্তির ঘোষণা আসতে পারে।

সংশ্লিষ্ট দুটি সূত্র রয়টার্সকে জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ইইউর ২৭টি দেশ থেকে আসা একটি নির্দিষ্ট সংখ্যক গাড়ির ওপর তাৎক্ষণিকভাবে কর কমানোর বিষয়ে একমত হয়েছে। তবে এই সুবিধা শুধু সেই সব গাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যেগুলোর আমদানি মূল্য ১৫ হাজার ইউরো (প্রায় ১৯ লাখ টাকা) বা তার বেশি।

সূত্রগুলো আরও জানিয়েছে, পর্যায়ক্রমে এই শুল্ক হার ১০ শতাংশে নামিয়ে আনা হবে। এর ফলে ভারতের বাজারে ফক্সওয়াগন, মার্সিডিজ-বেঞ্জ ও বিএমডব্লিউর মতো ইউরোপীয় গাড়ি নির্মাতাদের প্রবেশ আরও সহজ হবে। তবে এ বিষয়ে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বা ইউরোপীয় কমিশন কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

‘সব চুক্তির সেরা চুক্তি’
ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা এই মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা মঙ্গলবার শেষ হতে পারে বলে আশা করা হচ্ছে। এরপর দুই পক্ষ বিস্তারিত চূড়ান্ত করবে এবং এই চুক্তিটি অনুমোদন করবে। ইতিমধ্যে এই চুক্তিকে ‘মাদার অব অল ডিলস’ বা সব চুক্তির সেরা চুক্তি হিসেবে অভিহিত করা হচ্ছে।

এই চুক্তির ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ভারতের তৈরি পোশাক ও জুয়েলারি খাতের রপ্তানি বাড়বে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্প্রতি এই পণ্যগুলোর ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর ভারতের জন্য এই চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

শুল্ক কমানোর প্রস্তাব
যুক্তরাষ্ট্র ও চীনের পর ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অটোমোবাইল বাজার। তবে এই খাতটি ভারতের অন্যতম সুরক্ষিত একটি খাত। বর্তমানে আমদানিকৃত গাড়ির ওপর ভারত ৭০ থেকে ১১০ শতাংশ পর্যন্ত শুল্ক আদায় করে। টেসলা প্রধান ইলন মাস্কসহ বিশ্বখ্যাত গাড়ি নির্মাতারা দীর্ঘদিন ধরে এই উচ্চ শুল্কের সমালোচনা করে আসছিলেন।

একটি সূত্র জানিয়েছে, ভারত বছরে প্রায় ২ লাখ দহন ইঞ্জিনের (কম্বাশন ইঞ্জিন) গাড়ির ওপর আমদানিশুল্ক তাৎক্ষণিকভাবে ৪০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে। তবে শেষ মুহূর্তে এই কোটা বা সংখ্যায় কিছুটা পরিবর্তন আসতে পারে।

বৈদ্যুতিক গাড়িতে ছাড় এখনই নয়
তবে বৈদ্যুতিক গাড়ির (ইভি) ক্ষেত্রে এখনই কোনো শুল্ক ছাড় দেওয়া হচ্ছে না। টাটা মোটরস ও মাহিন্দ্রার মতো দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে ভারতের উদীয়মান এই খাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য আগামী পাঁচ বছর বৈদ্যুতিক গাড়ির আমদানিশুল্ক কমানো হবে না। পাঁচ বছর পর ইভি আমদানিতেও একই ধরনের শুল্ক ছাড় কার্যকর হবে।

বর্তমানে ভারতের গাড়ির বাজারে ইউরোপীয় নির্মাতাদের দখল ৪ শতাংশেরও কম। জাপানের সুজুকি এবং ভারতের নিজস্ব ব্র্যান্ড মাহিন্দ্রা ও টাটা এই বাজারের দুই-তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করে। নতুন এই চুক্তির ফলে ইউরোপীয় কোম্পানিগুলো স্থানীয়ভাবে কারখানা স্থাপনের আগে কম দামে গাড়ি এনে ভারতের বাজার যাচাই করার বড় সুযোগ পাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত
PhotoCard Icon
Create PhotoCard