
‘বরবাদ’ নির্মাণ করে আলোচনায় আসা পরিচালক মেহেদী হাসান এবার নতুন একটি ওয়েব ফিল্ম নিয়ে আসছেন। আইস্ক্রিন প্রযোজিত এই প্রজেক্টের প্রাথমিক নাম রাখা হয়েছে ‘টুটুলের টাকা’। তবে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, পরবর্তীতে এই নাম পরিবর্তন হতে পারে।
ওয়েব ফিল্মটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এতে তিনি এক জনপ্রিয় নায়িকার চরিত্রেই পর্দায় হাজির হবেন। ফারিয়ার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। জানা গেছে, তাকে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে।
অন্যদিকে, ওয়েব ফিল্মটিতে একজন ব্যবসায়ীর ভূমিকায় দেখা যেতে পারে মোশাররফ করিম কিংবা চঞ্চল চৌধুরীকে। মূলত একজন ব্যবসায়ী, একজন নায়িকা এবং একজন পুলিশ কর্মকর্তাকে ঘিরে তৈরি হওয়া ত্রিমুখী দ্বন্দ্বের মধ্য দিয়েই এগিয়ে যাবে এর থ্রিলারধর্মী গল্প।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ওই ব্যবসায়ীর চরিত্রটির জন্য মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর সঙ্গে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে রাজি নন পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান।
জানা গেছে, টানা ১০ দিনের শিডিউলে ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ শেষ করার পরিকল্পনা করেছেন পরিচালক। প্রসঙ্গত, নুসরাত ফারিয়াকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ‘জ্বিন ৩’ সিনেমায়।