রাজনীতি

রাজনীতি

২ দফা রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আশিকা সুলতানা

মিরপুর মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম জানান, রিমান্ড শেষে বৃহস্পতিবার আশিকা সুলতানাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার এসআই আল মামুন হোসেন। এ সময় আসামিপক্ষ থেকে কোনো জামিন আবেদন করা হয়নি।

কারাগারে আটক রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, রিমান্ডে নিয়ে আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে বর্তমান নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড এবং নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এসব তথ্য বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তীতে তদন্তের স্বার্থে তাকে আবারও রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে বলে আবেদনে জানানো হয়।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তীতে গত রোববার জিজ্ঞাসাবাদের জন্য তাকে আরও তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুন মিরপুর এক নম্বর এলাকায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী ‘সরকারবিরোধী’ মিছিল বের করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ব্যানার-ফেস্টুন ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ভিডিও ফুটেজে দেখা যায়, সেটি ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিল। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত
PhotoCard Icon
Create PhotoCard