
চলতি ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় হারের পর থেকেই উত্তপ্ত মিসরীয় ফুটবল অঙ্গন। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার ম্যাচে রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ হোসাম হাসান ও দলের বেশ কয়েকজন ফুটবলার। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে মিসরের অধিনায়ক মোহামেদ সালাহর নামে একটি বিস্ফোরক মন্তব্য, যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।
ভাইরাল হওয়া ওই বক্তব্যে বলা হয়েছে, ‘রেফারি সম্পর্কে আমি কিছু বলতে চাই না, বললে সমস্যায় পড়ব। একটি গুরুত্বপূর্ণ বিশ্বকাপ ম্যাচে সব সিদ্ধান্ত যদি আপনার বিপক্ষে যায়, তবে তা হতাশাজনক এবং ফুটবলের জন্য দুঃখজনক।’ তবে এই মন্তব্যের সত্যতা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। কারণ, সালাহ ব্যক্তিগতভাবে এমন কোনো কথা বলেছেন বলে এর কোনো ভিডিও ফুটেজ বা অডিও প্রমাণ পাওয়া যায়নি। এমনকি বিশ্বের স্বনামধন্য কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও তার এমন মন্তব্যের খবর প্রকাশিত হয়নি। ফেসবুক, রেডিট, এক্স ও থ্রেডসের মতো মাধ্যমগুলোতে মূলত পোস্ট আকারে কথাগুলো ছড়িয়ে পড়েছে।
এদিকে মাঠের রেফারিং নিয়ে আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ দায়ের করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি হানি আবু রিদা ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি ও তার সহকারীদের নেওয়া সিদ্ধান্তগুলোর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন। মিসরীয় ফুটবল কর্তৃপক্ষের দাবি, ম্যাচে রেফারির নেওয়া বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত সরাসরি খেলার ফলাফলকে প্রভাবিত করেছে।
উল্লেখ্য, এই বিতর্কিত রেফারিংয়ের মধ্যেই আর্জেন্টিনার অসাধারণ প্রত্যাবর্তন নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। লিওনেল মেসির নেতৃত্বে দুই গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা শেষ পর্যন্ত দারুণ লড়াই করে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে।