অর্থ ও বাণিজ্য

অর্থ ও বাণিজ্য

রূপালী ব্যাংকের নিয়োগ-পদোন্নতিতে অনিয়মের অভিযোগে ৫ কর্মকর্তাকে দুদকে তলব

রূপালী ব্যাংক পিএলসিতে নিয়োগ, পদোন্নতি ও ঋণ বিতরণে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালে ব্যাংকটির সিনিয়র অফিসার পদে নিয়োগপ্রাপ্ত পাঁচ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় নথিপত্রও তলব করেছে সংস্থাটি।

দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৪ সালে রূপালী ব্যাংকে বিভিন্ন পদে ৮০১ জন কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে। এই অভিযোগ তদন্তের জন্য ১৪ জনের একটি তালিকা তৈরি করেছে দুদক। এরই অংশ হিসেবে তালিকার পাঁচজনকে গত ৫ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়।

তলব করা কর্মকর্তারা হলেন— তাপসী রায়, তানভীর আহম্মেদ চৌধুরী, মনির হোসেন, অমৃত কুমার বাবুরী এবং মো. আখেরুল ওয়ালিদ। জিজ্ঞাসাবাদের সময় তাদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্র, নিয়োগ পরীক্ষার আবেদনপত্র, প্রবেশপত্র, ভাইভা কার্ড এবং কোটা সনদ সঙ্গে আনতে নির্দেশনা দেওয়া হয়।

এই দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেনের নেতৃত্বে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। তদন্তের খাতিরে টিমটি রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ২০১৪ সালের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরপত্র, উত্তরপত্র এবং নিয়োগ অনুমোদনের সব রেকর্ড চেয়েছে।

পাশাপাশি, ওই সময়ের পরিচালনা পর্ষদের সদস্যদের তথ্য, বাংলাদেশ ব্যাংকের কোনো তদন্ত প্রতিবেদন থাকলে তার কপি, ভুয়া সনদের মাধ্যমে নিয়োগের তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়-ব্যয়ের হিসাব চেয়ে ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে দুদক। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে সব নথিপত্র জমা দেওয়ার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত
PhotoCard Icon
Create PhotoCard

রূপালী ব্যাংকের নিয়োগ-পদোন্নতিতে অনিয়মের অভিযোগে ৫ কর্মকর্তাকে দুদকে তলব

০৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
rojkarkhabor.com