
হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে হামলা অব্যাহত রাখলে ইরানকে আরও ভয়াবহ সামরিক আক্রমণের মুখে পড়তে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি।
ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে ইরানের পক্ষ থেকে জাহাজে যে বোমা হামলা চালানো হয়েছে, তারই প্রতিশোধ নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ভবিষ্যতে যদি একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও কঠোর ও ভয়াবহ জবাব দেওয়া হবে। নিজের বক্তব্যের সমর্থনে ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার একটি ভিডিও ক্লিপও শেয়ার করেন।
ট্রাম্পের এই মন্তব্যের পরপরই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিশ্চিত করে যে, হরমুজ প্রণালিতে অবাধ নৌ-চলাচল নিশ্চিত করতে এবং ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলার লক্ষ্যে মার্কিন বাহিনী ইরানে নতুন করে হামলা শুরু করেছে।
এদিকে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন হামলার পর দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তাদের দাবি, ইরানের একাধিক সুনির্দিষ্ট স্থান লক্ষ্য করে এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
এই উত্তপ্ত পরিস্থিতিতে নীরব থাকেনি তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজায়ি এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা আগ্রাসন চালাচ্ছে এবং তাদের সহযোগীদের এর জন্য কঠোর মূল্য দিতে হবে। অর্থাৎ, পাল্টাপাল্টি হুমকির মাধ্যমে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি এখন আরও জটিল আকার ধারণ করেছে।