বিনোদন

বিনোদন

মেসিকে নিয়ে মন্তব্য

জয়ের ‘মৌসুমীর চাবুক’ খোঁচার জবাবে ‘আসল চাবুক’ আনছেন ওমর সানী!

ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করাকে কেন্দ্র করে চিত্রনায়ক ওমর সানী ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে মজার খুনসুটি। মেসিকে নিয়ে সানীর মন্তব্যের জেরে জয় এক ফেসবুক পোস্টে নব্বইয়ের দশকের সিনেমায় মৌসুমীর ‘চাবুক’ মারার প্রসঙ্গ টানেন। এর জবাবে এবার জয়ের জন্য ‘আসল চাবুক’ অর্ডার দেওয়ার কথা বলে পাল্টা রসিকতা করেছেন ওমর সানী। তবে পাল্টাপাল্টি এই কথার লড়াই যে পুরোটাই নিছক মজা, তা স্পষ্ট করেছেন এই দুই তারকা।

ঘটনার সূত্রপাত সম্প্রতি প্রকাশিত ওমর সানীর একটি ভিডিও বক্তব্য থেকে। সেখানে তিনি লিওনেল মেসিকে ‘প্রতিবন্ধী’ বলে মন্তব্য করেন এবং আর্জেন্টিনা সমর্থকদের নিয়েও কথা বলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এর জের ধরেই ফেসবুকে একটি পোস্ট দেন শাহরিয়ার নাজিম জয়। তিনি লেখেন, ‘ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছেন। নব্বই দশকে দেখতাম সিনেমাতে ওমর সানীকে চাবুক মারত মৌসুমী। কেন মারত, এখন বুঝেছি।’ জয়ের এই রসিকতাপূর্ণ পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয় এবং মন্তব্যের ঘরে পক্ষে-বিপক্ষে তুমুল তর্কবিতর্ক শুরু হয়। মাত্র এক ঘণ্টায় পোস্টটিতে হাজারের বেশি মন্তব্য পড়ে এবং তিন শতাধিক শেয়ার হয়।

জয়ের এই ব্যঙ্গাত্মক পোস্টের পর চুপ থাকেননি ওমর সানী। সোমবার রাত পৌনে ১১টার দিকে জয়ের উদ্দেশে ফেসবুকে পাল্টা একটি পোস্ট দেন তিনি। সেখানে তিনি লেখেন, ‘শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি। সাবজেক্ট: খেলাধুলা, ফান।’ সানীর এই পোস্টটিও নেটিজেনরা লুফে নেন। প্রকাশের মাত্র ৩০ মিনিটের মধ্যেই এতে চার হাজারের বেশি প্রতিক্রিয়া ও সাত শতাধিক মন্তব্য জমা পড়ে। নেটিজেনদের অনেকেই এটিকে দুই শিল্পীর বন্ধুত্বপূর্ণ খুনসুটি হিসেবে উপভোগ করছেন।

তবে অন্তর্জালে চলা দুই তারকার এই পাল্টাপাল্টি পোস্ট যে কেবলই বন্ধুত্বপূর্ণ ঠাট্টা, তা দুজনেই নিশ্চিত করেছেন। নিজের পোস্টের ব্যাখ্যায় জয় জানান, সানী ভাই সহজ-সরল মানুষ এবং মেসি তার (জয়ের) প্রিয় খেলোয়াড় হওয়ায় নিছক মজা করতেই পোস্টটি দিয়েছেন তিনি। ফুটবল বিশ্বকাপ বা খেলা ঘিরে সমর্থকদের মধ্যে অপ্রয়োজনীয় বিভাজন তৈরি হওয়া উচিত নয় বলেও জানান জয়।

অন্যদিকে ওমর সানীও নিজের পোস্টে ‘সাবজেক্ট : খেলাধুলা, ফান’ উল্লেখ করে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন এটি ব্যক্তিগত কোনো বিরোধ নয়, বরং খেলাকেন্দ্রিক নিখাদ বিনোদন। দুই তারকার এই নির্মল খুনসুটি এখন নেটদুনিয়ায় আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত