বিদেশ, সর্বশেষ

বিদেশ, সর্বশেষ

টাইফুন বাভির তাণ্ডব, চীনে ১৭ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর

চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘বাভি’। প্রবল ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির আশঙ্কায় উপকূলীয় অঞ্চল থেকে ১৭ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে টাইফুনটি ঝেজিয়াং উপকূলে আঘাত হানে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, টাইফুন বাভির কেন্দ্রের কাছে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৪৪ কিলোমিটার। ঝেজিয়াং ছাড়াও ফুজিয়ান প্রদেশের নিংদে শহর থেকে ৩ হাজার ৭০০ জনের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে ১৭ হাজার জরুরি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

ঝড়ো বাতাসের কারণে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ট্রেন চলাচল সীমিত করার পাশাপাশি স্কুল ও ফেরি পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, স্থলভাগে প্রবেশের পর টাইফুনটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। তবে এর প্রভাবে সৃষ্ট বিপুল বৃষ্টিপাত বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এর আগে এই টাইফুনের প্রভাবে জাপান ও তাইওয়ানে প্রবল বৃষ্টিপাত হয়েছে। তাইওয়ানে অন্তত ৩৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং ১৪ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জাপানের ওকিনাওয়ায় ২০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহেই টাইফুন ‘মায়সাক’ চীনের দক্ষিণ অঞ্চলে আঘাত হেনেছিল, যার ফলে সৃষ্ট বন্যায় নানিং শহরে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বাভির প্রভাবে ফিলিপাইনে ভারী বৃষ্টি ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। একের পর এক টাইফুনের কবলে পড়ে চীনসহ পুরো অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত