অর্থ ও বাণিজ্য

অর্থ ও বাণিজ্য

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার বাণিজ্য ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আগের বছরের তুলনায় দুই দেশের বাণিজ্যিক লেনদেন ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

বুধবার জাতীয় সংসদ ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান। এ সময় মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এবং পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে নারী শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর আত্মকর্মসংস্থান, কৃষি, মৎস্য ও পোল্ট্রি শিল্পের উন্নয়ন অন্যতম।

বৈঠকে ইমরান হায়দার উল্লেখ করেন, বাংলাদেশ থেকে ১০ হাজার টন পণ্য শুল্কমুক্ত আমদানির সুযোগ দিচ্ছে পাকিস্তান। তিনি এই সুযোগ কাজে লাগাতে বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি দুই দেশের শিক্ষা ও প্রশিক্ষণ খাতে সহযোগিতার বিষয়টিও আলোচনায় উঠে আসে। হাইকমিশনার জানান, বাংলাদেশের শিক্ষার্থীরা বর্তমানে সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক বিষয়ে পাকিস্তানে উচ্চশিক্ষা নিচ্ছে। এছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের একাডেমিক প্রশিক্ষণও সেখানে চলমান রয়েছে। ভবিষ্যতে এই সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। মন্ত্রী এ সময় বাংলাদেশের নারীদের তৈরি হস্তশিল্প পাকিস্তানে রপ্তানির ক্ষেত্রে বাধা দূর করতে সহযোগিতা কামনা করেন। এছাড়া পাকিস্তানি স্কলারশিপের সংখ্যা বৃদ্ধির অনুরোধ জানালে হাইকমিশনার ইতিবাচক সাড়া দেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত