দেশ, সর্বশেষ

দেশ, সর্বশেষ

পাবনায় ভ্যানচালককে গলা কেটে হত্যা

পাবনার চাটমোহরে নাছের আলী (৪২) নামে এক অটোভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ জুলাই) রাতে উপজেলার বোয়াইলমারী কবরস্থানের পাশে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত নাছের আলী চাটমোহরের হরিপুর ইউনিয়নের আগশোয়াইল টলটলিপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে যাত্রী নিয়ে ছাইকোলার দিকে গিয়েছিলেন নাছের। সেখান থেকে চাটমোহরে ফেরার পথে বোয়াইলমারী কবরস্থানের পূর্বপাশে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে থামায়। এক পর্যায়ে হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে ও ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় নাছের দৌড়ে পার্শ্ববর্তী সবুজ নামে এক ব্যক্তির বাড়ির দরজায় গিয়ে ধাক্কাধাক্কি করেন। তবে শেষ রক্ষা হয়নি, বাড়ির দরজার সামনেই তিনি লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিচয় শনাক্ত করে নিহতের স্বজনদের খবর দেওয়া হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাসের মুন্সী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে নিহতের অটোভ্যানটি জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দ্রুত খুনিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত