দেশ, সর্বশেষ

দেশ, সর্বশেষ

গুরুতর আহত ‘রাজু বাহাদুর’, চিকিৎসায় থাই বিশেষজ্ঞ দল

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অন্য হাতির আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হয়েছে ‘রাজু বাহাদুর’ নামে একটি হাতি। বর্তমানে তার একটি পা ভেঙে যাওয়ায় বিশেষ ব্যবস্থাপনায় চিকিৎসাধীন রয়েছে সে। তার সুচিকিৎসা নিশ্চিত করতে থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল নিয়ে আসা হয়েছে।

পার্ক কর্তৃপক্ষ জানায়, গত ২৪ মে হাতিশালায় অন্য একটি হাতির ধাক্কায় মাটিতে পড়ে যায় রাজু বাহাদুর। এতে তার একটি পায়ে গুরুতর ফ্র্যাকচার বা হাড় ভাঙার ঘটনা ঘটে। এরপর এক্স-রে পরীক্ষার মাধ্যমে আঘাতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। হাতিটির পায়ের ওপর যেন চাপ না পড়ে, সেজন্য কয়েকদিন পর ক্রেনের সাহায্যে তাকে স্থানান্তর করে বিশেষ বালুর শয্যায় রাখা হয়েছে। বর্তমানে মেডিকেল বোর্ডের পরামর্শে নিবিড় পরিচর্যায় তার চিকিৎসা চলছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, হাতিশালায় থাকার সময় অন্য হাতির সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে রাজু বাহাদুর নিচে পড়ে যায়। বর্তমানে হাতিটি নিজ পায়ে দাঁড়াতে সক্ষম নয়। তার সুস্থতা নিশ্চিত করতে বিদেশ থেকে বিশেষজ্ঞ দল আনা হয়েছে এবং সাধ্যমতো চেষ্টা চলছে।

জানা যায়, প্রায় ১০ বছর বয়সী রাজু বাহাদুরকে ২০২৫ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। সেই সময় চাঁদাবাজির কাজে ব্যবহারের অভিযোগে তাকে জব্দ করা হয়। উদ্ধারের পর থেকে তাকে সাফারি পার্কে শিকলবদ্ধ অবস্থায় রাখা হয়েছিল।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা মনে করছেন, আহত হাতিটির স্বাভাবিক অবস্থায় ফিরে আসা বেশ চ্যালেঞ্জিং। এজন্য নিয়মিত চিকিৎসার পাশাপাশি তার নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে হাতিশালায় থাকা প্রাণীগুলোর পারস্পরিক নিরাপত্তা ও সংঘর্ষ এড়াতে নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত