সর্বশেষ

সর্বশেষ

অনিয়মের দায়ে ফরিদপুরে ২ হাসপাতাল-ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা

ফরিদপুর শহরে চিকিৎসাসেবার নামে অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে দুটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ জুলাই) জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজিন ইকো ও জান্নাতুল সুলতানা। অভিযানে শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় অবস্থিত ‘নিউ লাইফ জেনারেল হাসপাতাল’ এবং ‘আলিফ ডিজিটাল ল্যাব প্রাইভেট ক্লিনিক’-এ বিভিন্ন গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিউ লাইফ জেনারেল হাসপাতালে লাইসেন্স নবায়ন না থাকা, অপারেশন থিয়েটারে জীবনরক্ষাকারী সরঞ্জামের অভাব, সার্বক্ষণিক নিবন্ধিত চিকিৎসকের অনুপস্থিতি এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, আলিফ ডিজিটাল ল্যাব প্রাইভেট ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার এবং নিবন্ধিত প্যাথলজিস্ট ও প্রয়োজনীয় টেকনিশিয়ান না রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজিন ইকো বলেন, মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা বা প্রতারণা সহ্য করা হবে না। রোগীদের নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। নিয়ম না মেনে পরিচালিত যেকোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এ সময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা প্রদান করেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত