
ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়নের যুবসমাজকে মাদকের করাল গ্রাস ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী আশিকুর রহমান (হৃদয় আশিক)। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলছেন।
এই কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (৭ জুলাই) রাতে সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শুকুরহাটা গ্রামের স্থানীয় যুবকদের হাতে ফুটবল জার্সি তুলে দেন তিনি।
জার্সি বিতরণকালে আশিকুর রহমান বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্ম অতিরিক্ত মোবাইল ব্যবহারের পাশাপাশি মাদকের ভয়াবহ প্রভাবে বিপথে চলে যাচ্ছে। এই অবস্থা থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি তরুণদের যেকোনো ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সাহায্য করে।
তিনি আরও জানান, ৩ নম্বর আলফাডাঙ্গা সদর ইউনিয়নকে একটি মাদকমুক্ত, সুস্থ ও আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তরুণদের জন্য এমন ক্রীড়াবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নতুন জার্সি পেয়ে স্থানীয় যুবকরা দারুণ আনন্দিত। তাদের মতে, এমন উদ্যোগ তাদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং এলাকার তরুণদের মাঝে ইতিবাচক সামাজিক পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। জার্সি বিতরণ অনুষ্ঠানে ওই এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।